loader image
শিরোনাম

১৪টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আইসিএবির সংযুক্তি স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা ও পেশাগত শিক্ষার মধ্যে সংযোগ আরও জোরদার করতে ১৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকের (এমওইউ) অ্যাডেনডাম স্বাক্ষর করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) রাজধানীর সিএ ভবনে আইসিএবি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিদ্যমান এমওইউর অ্যাডেনডামে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আইসিএবির প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ এফসিএ, ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রেদওয়ানুর রহমান এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, ডিরেক্টর মাসুদ পারভেজ এফসিএসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত অ্যাডেনডামের আওতায় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশায় আকৃষ্ট করতে যৌথভাবে কাজ করবে আইসিএবি। প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষার্থীরা সিএ কারিকুলামে ক্রেডিট ফর প্রায়র লার্নিং (সিপিএল)এক্সেম্পশন সুবিধা পাবেন। ফলে যোগ্য শিক্ষার্থীদের তুলনামূলক কম সময়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে পেশাগত যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হবে।

আইসিএবি জানিয়েছে, এ উদ্যোগ শুধু সিএ পেশায় প্রবেশের সুযোগ সম্প্রসারণই করবে না; একই সঙ্গে হিসাববিজ্ঞান ও ফিন্যান্স শিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী মহলের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়েও ভূমিকা রাখবে।

সহযোগিতার আওতায় কোয়ালিফাইড ও পার্ট-কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় অংশগ্রহণের সুযোগও তৈরি হবে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, হিসাব পেশাজীবী ও অন্যান্য অংশীজনের মধ্যে যৌথ গবেষণা, জ্ঞান বিনিময় ও পারস্পরিক যোগাযোগ বাড়াতে উদ্যোগ নেওয়া হবে।

আইসিএবির মতে, পরিবর্তনশীল অর্থনীতি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, আধুনিক ও দায়িত্বশীল পেশাজীবী গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও হিসাব পেশার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই উদ্যোগ প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা ও পেশাগত শিক্ষার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করে দেশের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক হবে।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top