নিজস্ব প্রতিবেদক
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (ইউসিএল) পরিচালনা পর্ষদের ৩২৮তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
পরিচালনা পর্ষদ রুহুল কুদ্দুস খানকে তিন বছরের জন্য পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করেছে। গত ২৮ জুলাই ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বিদায়ী চেয়ারম্যান মানসুর খানের পদত্যাগের পর ইউসিএলের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী রুহুল কুদ্দুস খানকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তিনি একই সঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিচালনা পর্ষদ রুহুল কুদ্দুস খানকে নতুন দায়িত্বে স্বাগত জানিয়েছে। তাঁর নেতৃত্ব ও কৌশলগত দিকনির্দেশনা ইউসিএলের ধারাবাহিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছে পর্ষদ।
এ ছাড়া পরিচালনা পর্ষদ শাদমান সাদিককে ইউসিএলের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত করেছে।
প্রয়োজনীয় বিধিবদ্ধ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সাপেক্ষে সামিউদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স পদে নিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। একই সঙ্গে শারমিন আক্তারকে ইউসিএলের কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন এসব নিয়োগের মাধ্যমে করপোরেট সুশাসন জোরদার, অভ্যন্তরীণ অভিজ্ঞতা ও দক্ষতার সর্বোত্তম ব্যবহার এবং প্রতিষ্ঠানজুড়ে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার ক্ষেত্রে ইউসিএলের অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে।
একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহির উচ্চ মান বজায় রেখে অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করতে কোম্পানিটি প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
