নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক পিএলসি ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের ২২৯তম সভায় গত ২৮ সেপ্টেম্বর এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। পর্ষদের এ সিদ্ধান্ত ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে ব্যাংকটি। পরে তা নোটিশ আকারে প্রকাশ করা হয়েছে।
ব্যাংক জানিয়েছে, প্রস্তাবিত বন্ডটির মেয়াদ হবে সাত বছর। ৩০০ কোটি টাকা মূল্যের এ বন্ডটি হবে জামানতবিহীন, রূপান্তর-অযোগ্য, সম্পূর্ণ পরিশোধযোগ্য, কুপনযুক্ত, পরিবর্তনশীল সুদহারভিত্তিক এবং অধস্তন বন্ড। বন্ডটি ব্যক্তিগতভাবে নির্দিষ্ট বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে।
এ বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকের দ্বিতীয় স্তরের মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। ব্যাংকের মূলধন কাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মূলধন সংরক্ষণসংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণে এ উদ্যোগ সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তবে বন্ডটি ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বন্ডটি ইস্যু করা হবে।
