হেয়ারকাট থাকছে না আমানতকারীদের মুনাফায়
নিজস্ব প্রতিবেদক
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যক্তি আমানতকারীরা আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলনের সুযোগ পাবেন। স্কিমে প্রদত্ত নির্দেশনার বাইরে প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ দিতে ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে গভর্নর সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিলেও বিষয়টি নিয়ে আমানতকারীদের মধ্যে কিছুটা অস্পষ্টতা রয়েছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে যে, তাদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না।
এদিকে গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষিত স্কিম অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। এর পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, ৩৫ হাজার কোটি টাকা মূলধনসমৃদ্ধ দেশের সর্ববৃহৎ এবং একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক সব ব্যাংকিং কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নতুন এই নির্দেশনার ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা তাদের আমানতের মূল অর্থ ব্যবহারে আরও বেশি সুবিধা পাবেন। একই সঙ্গে মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট না থাকার বিষয়টি আমানতকারীদের অনিশ্চয়তা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
