loader image
শিরোনাম

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল লাফার্জহোলসিম বাংলাদেশ

বিডিবিজনিউজ:

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘এক্সিলেন্স ইন ইমপ্লিমেন্টিং সার্কুলার ইকোনমি’ বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। পরিবেশ, সমাজ ও সুশাসন খাতে অনন্য নেতৃত্ব, উদ্ভাবন এবং পরিমাপযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

ইউএন গ্লোবাল কমপ্যাক্ট আয়োজিত এ পুরস্কারের মাধ্যমে পরিবেশ, সমাজ ও সুশাসন খাতে দায়িত্বশীল ও টেকসই কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।

টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় লাফার্জহোলসিম বাংলাদেশের অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জিত হয়েছে। প্রতিষ্ঠানটির টেকসই বর্জ্য ব্যবস্থাপনা শাখা ‘জিওসাইকেল’-এর মাধ্যমে শিল্প, পৌরসভা ও কৃষি বর্জ্যকে টেকসই ব্যবস্থাপনার আওতায় এনে একটি কার্যকর ও পরিবেশবান্ধব দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

বৃত্তাকার অর্থনীতির এ উদ্যোগের মাধ্যমে একদিকে বর্জ্য ফেলার জন্য নির্ধারিত জমির ওপর চাপ কমছে, অন্যদিকে উৎপাদন প্রক্রিয়ায় কার্বন নিঃসরণও উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হচ্ছে। বর্জ্যকে সম্পদ হিসেবে ব্যবহার করে পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন ব্যবস্থায় সম্পৃক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর পাশাপাশি টেকসই উৎপাদন ব্যবস্থাকে উৎসাহিত করছে।

সম্প্রতি আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির পক্ষে জিওসাইকেলের নির্বাহী সেলসাবিল আন-নাবা এ পুরস্কার গ্রহণ করেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বর্জ্য ব্যবস্থাপনা ও বৃত্তাকার অর্থনীতির ধারণাকে আরও সম্প্রসারিত করার মাধ্যমে পরিবেশ সুরক্ষা, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং শিল্প খাতে টেকসই উৎপাদন নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top