loader image
শিরোনাম

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশী বাদনে মুগ্ধ শ্রোতারা

নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত ‘শ্রাবণ সন্ধ্যা’-এর বিশেষ আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত বাঁশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম-এর একক বাঁশী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। পরে ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ওস্তাদ আজিজুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় প্রেস ক্লাবের সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসীন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, ক্লাবের সদস্যবৃন্দ, তাঁদের পরিবার এবং সংগীতপ্রেমী শ্রোতারা।

অনুষ্ঠানের শুরুতে শিল্পী রাগ শ্যাম কল্যাণ পরিবেশন করেন। সংক্ষিপ্ত আলাপের পর তিনি ঝাপতাল ও তিনতালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি রাগ হংসধ্বনি, রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ পরিবেশন করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে *মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজ-এর ধুন পরিবেশনার মধ্য দিয়ে। পুরো পরিবেশনায় শ্রোতারা মুগ্ধ হয়ে শিল্পীর অনবদ্য বাঁশী বাদনের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজনের জন্য জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ওস্তাদ আজিজুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top