loader image
শিরোনাম

ঢাকার যানজট নিরসন ও শৃঙ্খলায় প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে, কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে; চালু হবে ইটিসি

নিজস্ব প্রতিবেদক/বাসস

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব নির্দেশনার মধ্যে রয়েছে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ, কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে নেওয়া এবং টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু করা।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ঢাকার যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান।

বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়। এতে যানবাহন থামিয়ে টোল দেওয়ার প্রয়োজন কমবে এবং টোল আদায়ের প্রক্রিয়া দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে। এ ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট একটি অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী চার মাসের মধ্যে অ্যাপটির উন্নয়নকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট নিরসনেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগে তৈরি করা প্রতিবেদন পর্যালোচনা করে নতুন করে করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বুয়েটকে আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবে। স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগায় এরই মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, গাবতলী বাস টার্মিনালের সক্ষমতা বাড়াতে এর পেছনের অংশ সম্প্রসারণ করা হবে। এ কাজ দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারের যানজট কমাতেও নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। সেখানকার কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সচিবালয় এলাকার যানজট নিয়ন্ত্রণে পার্কিং ব্যবস্থার উন্নয়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ লক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও বিকল্প পার্কিংয়ের স্থান খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা শহরে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফেরাতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তও হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top