loader image
শিরোনাম

কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিমে এসবিএসি ব্যাংক

বিডিবিজনিউজ ডেস্ক:

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬: কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধন সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিতে চুক্তিবদ্ধ হয়েছে এসবিএসি ব্যাংক পিএলসি।

এ লক্ষ্যে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে বাংলাদেশ ব্যাংক ও এসবিএসি ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীর।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এসবিএসি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও ইভিপি জাহাঙ্গীর আলম এফসিএমএসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং তাদের চলতি মূলধনের প্রয়োজন মেটাতে ব্যাংকিং খাতের মাধ্যমে সহায়তা প্রদান করা। এর ফলে উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান কার্যক্রমে গতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সিএমএসএমই খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও পর্যাপ্ত অর্থায়নের অভাব দীর্ঘদিন ধরে এ খাতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে এবং তুলনামূলক কম ব্যয়ে ঋণপ্রাপ্তির সুযোগ সৃষ্টি করা এ খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণের ফলে ব্যাংকটির মাধ্যমে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য অর্থায়নের পরিধি আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা, নতুন বিনিয়োগ সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের পুনঃঅর্থায়ন কার্যক্রমের আওতায় বেসরকারি ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়লে সিএমএসএমই খাতে প্রাতিষ্ঠানিক অর্থায়নের প্রবাহ আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য অর্থায়নের সুযোগ বাড়ার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top