loader image
শিরোনাম

লাইসেন্স ছাড়াই বিনিয়োগ গ্রহণ, ক্রসমার্কেট ডটএআই নিয়ে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

লাইসেন্স গ্রহণ না করেই ‘ক্রসমার্কেট ডটএআই’ নামের প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ বিনিয়োগ গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসাধারণকে সচেতন করার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে দেশের সব তফসিলি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত ও অনুমোদনপ্রাপ্ত সব পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি পরিচালিত অনুসন্ধানে দেখা গেছে, পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে কোনো ধরনের লাইসেন্স গ্রহণ না করা সত্ত্বেও ‘crossmarket.ai’ নামের প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ বিনিয়োগ গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৫(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন গ্রহণ ব্যতীত কোনো ব্যক্তি জনগণের নিকট হতে কোনো প্রকার বিনিয়োগ গ্রহণ, ঋণ প্রদান, অর্থ সংস্থান বা আর্থিক লেনদেনের উদ্দেশ্যে কোনো অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করতে পারেন না। ফলে বাংলাদেশ ব্যাংক হতে অনুমোদন গ্রহণ ব্যতীত crossmarket.ai-এর মাধ্যমে অনলাইনে বিনিয়োগ গ্রহণ প্রকৃতির আর্থিক কার্যক্রম পরিচালনা করা ওই আইনের সংশ্লিষ্ট বিধানের পরিপন্থী এবং একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে আরও বলা হয়, এ ধরনের অ্যাপ পরিচালনাকারীরা সরাসরি শাস্তিযোগ্য অপরাধের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি অ্যাপটির নিবন্ধিত গ্রাহকের আর্থিক লেনদেন সংক্রান্ত এবং এ ধরনের কার্যক্রমে পরিশোধ সেবাদানকারী সকল তফসিলি ব্যাংক, এমএফএস ও ডিপিএস/পিপিএস প্রতিষ্ঠান আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহারের কারণে অপরাধের সঙ্গে সম্পৃক্ত মর্মে গণ্য হতে পারেন।

এ পরিপ্রেক্ষিতে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(৪) ধারা অনুযায়ী জনস্বার্থে ও পরিশোধ সেবার জন্য ক্ষতিকর কার্যকলাপ রোধে আইনের ৩৭(১) ধারার আওতাধীন শাস্তিযোগ্য অপরাধ প্রকৃতির অনলাইন বিনিয়োগ গ্রহণ কার্যক্রমে সম্পৃক্ত মোবাইল অ্যাপ নিয়ন্ত্রণকারী crossmarket.ai বা এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ব্যক্তির পরিশোধ সেবা তাৎক্ষণিক বন্ধকরণ এবং এ ধরনের জনস্বার্থবিরোধী মোবাইল অ্যাপের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top