loader image
শিরোনাম

সিঙ্গাপুরে পাঁচ রেমিটার পেল ‘বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ পদক

বিডিবিজনিউজ ডেস্ক

সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

অনুষ্ঠানে বৈধ বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানিত করা হয়। ব্যক্তি শ্রেণীতে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরক বা ‘বাই ভলিউম’ ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন মো. রেজাউল করিম, নাজমুল আরেফিন ও মো. ওমর ফারুক সবুজ। আর একই প্রতিষ্ঠান থেকে সর্বাধিকবার রেমিট্যান্স পাঠানোর জন্য ‘বাই ফ্রিকোয়েন্সি’ ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ জামিউল ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও আইবিএর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন। তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশী, যারা ১ ডলারও দেশে পাঠাচ্ছেন, তারা প্রত্যেকেই বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ রেমিট্যান্সের বহুমাত্রিক ইতিবাচক প্রভাব রয়েছে। এ অর্থ হয়তো একটি শিশুর শিক্ষার কাজে ব্যবহার হচ্ছে, নতুবা কোনো একটি পরিবারের চিকিৎসার কাজে ব্যয় হচ্ছে, যার ফলে হয়তো কেউ নতুন জীবন ফিরে পাচ্ছে। প্রবাসে অবস্থান করে দেশ ও মানুষের প্রতি রেমিটারদের দায়িত্ববোধ কতটা প্রবল, তা আমি নিজের চোখে দেখেছি। রেমিট্যান্সের গুরুত্ব কী, তা গত দুই বছরে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি।’

‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান অনুষ্ঠানে থাকরাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গুরমুখ সিং থাকরাল, অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ওয়ান ব্যাংক পিএলসির চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ্ খান, প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান, বাংলাদেশ বিজনেস চেম্বার সিঙ্গাপুরের সভাপতি মো. সাহিদুজ্জামানসহ সিঙ্গাপুরে অবস্থিত বিভিন্ন এক্সচেঞ্জ হাউজ, সিঙ্গাপুর সরকারের প্রতিনিধি, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশীসহ দেড় শতাধিক অতিথি অংশ নেন।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top