loader image
শিরোনাম

সুকুক বরাদ্দে নতুন হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানির জন্য ৫০ শতাংশ; ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

সুকুকের প্রাথমিক বরাদ্দে বিনিয়োগকারীদের শ্রেণিভিত্তিক অংশ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সুকুক ইস্যুর ক্ষেত্রে শরিয়াহভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বিমা কোম্পানির অনুকূলে সর্বোচ্চ ৫০ শতাংশ সুকুক বরাদ্দ রাখা যাবে। একই সঙ্গে প্রচলিত ধারার ব্যাংকের ইসলামিক শাখা ও উইন্ডোর জন্য ৩০ শতাংশ এবং ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বরাদ্দের হার নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে সোমবার ১৭ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক সার্কুলার লেটারে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে ৮ আগস্ট ২০২৫ তারিখে জারি করা ডিএমডি সার্কুলার লেটার নং-১৩-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে সুকুক ইস্যুর ক্ষেত্রে বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে সুকুক বরাদ্দের হার নতুন করে নির্ধারণের কথা জানানো হয়।

নতুন নির্দেশনায় বিনিয়োগকারীদের চারটি শ্রেণিতে ভাগ করে সুকুক বরাদ্দের হার নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণিতে রাখা হয়েছে শরিয়াহভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি এবং বিমা কোম্পানিকে। এ শ্রেণির বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যুতব্য সুকুকের সর্বোচ্চ ৫০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

দ্বিতীয় শ্রেণিতে রয়েছে প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামিক শাখা ও উইন্ডো। এসব বিনিয়োগকারীর জন্য সুকুকের ৩০ শতাংশ বরাদ্দের হার নির্ধারণ করা হয়েছে।

তৃতীয় শ্রেণিতে রয়েছে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীরা। তাদের জন্য ইস্যুতব্য সুকুকের ১০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে ব্যক্তিগত বিনিয়োগকারীদের অংশগ্রহণের জন্য সুকুকের নির্দিষ্ট অংশ সংরক্ষিত থাকবে।

চতুর্থ শ্রেণিতে রাখা হয়েছে প্রচলিত ধারার ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, গ্র্যাচুইটি ফান্ড, মিউচুয়্যাল ফান্ডসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। এই শ্রেণির বিনিয়োগকারীদের জন্যও ১০ শতাংশ বরাদ্দের হার নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় শুধু শ্রেণিভিত্তিক বরাদ্দের হার নির্ধারণ করেই থেমে থাকেনি; কোনো শ্রেণিতে নির্ধারিত অনুপাতের তুলনায় বেশি বা কম বিড জমা পড়লে কীভাবে সুকুক বরাদ্দ দিতে হবে, সে পদ্ধতিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, চারটি শ্রেণির কোনো একটিতে নির্ধারিত অনুপাতের চেয়ে বেশি বিড দাখিল হলে সংশ্লিষ্ট শ্রেণির বিড দাখিলকারীদের মধ্যে তাদের দাখিল করা বিডের সমানুপাতিক হারে সুকুক বরাদ্দ দিতে হবে। অর্থাৎ কোনো একটি শ্রেণিতে বরাদ্দের চেয়ে বেশি চাহিদা তৈরি হলে প্রত্যেক আবেদনকারীকে সমানভাবে নয়, বরং তার দাখিল করা বিডের অনুপাতে বরাদ্দ দেওয়া হবে।

অন্যদিকে কোনো শ্রেণিতে নির্ধারিত অনুপাতের তুলনায় কম বিড জমা পড়লে ওই শ্রেণিতে প্রয়োজনীয় পরিমাণ সুকুক বরাদ্দ দেওয়ার পর অবশিষ্ট সুকুক অন্য শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা যাবে। এ ক্ষেত্রে যেসব শ্রেণিতে নির্ধারিত অনুপাতের তুলনায় বেশি বিড জমা পড়েছে, তাদের মধ্যে দাখিল করা বিডের সমানুপাতিক হারে অবশিষ্ট সুকুক বরাদ্দ দিতে হবে।

এ ছাড়া দাখিল করা মোট বিডের পরিমাণ ইস্যুতব্য সুকুকের মোট পরিমাণের চেয়ে কম হলে অবশিষ্ট সুকুক এসপিএসের ব্যবস্থাপনায় বরাদ্দ দেওয়ার নির্দেশনা রয়েছে।

নতুন এ পদ্ধতির ফলে সুকুকের বরাদ্দ প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের বিভিন্ন শ্রেণির অংশগ্রহণের জন্য একটি নির্দিষ্ট কাঠামো তৈরি হলো। বিশেষ করে শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীদের জন্যও নির্দিষ্ট অংশ রাখার মাধ্যমে সুকুকের বিনিয়োগভিত্তি আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে।

সুকুক ইসলামী অর্থব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ উপকরণ। প্রচলিত সুদভিত্তিক ঋণপত্রের পরিবর্তে শরিয়াহসম্মত সম্পদ, প্রকল্প বা বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত কাঠামোর মাধ্যমে অর্থ সংগ্রহে এটি ব্যবহৃত হয়। বাংলাদেশে ইসলামী অর্থবাজারের বিকাশের সঙ্গে সঙ্গে সুকুকের বাজারও ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের নতুন নির্দেশনার ফলে ভবিষ্যতে সুকুক ইস্যুর সময় কোন শ্রেণির বিনিয়োগকারী কতটুকু অংশ পাবে, তা আগে থেকেই নির্দিষ্ট থাকবে। একই সঙ্গে কোনো শ্রেণিতে অতিরিক্ত বা কম চাহিদা তৈরি হলে অবশিষ্ট সুকুক কীভাবে পুনর্বণ্টন করা হবে, সেটিও স্পষ্ট করা হয়েছে।

সার্কুলারের মাধ্যমে এর আগে জারি করা ৮ আগস্ট ২০২৫ তারিখের ডিএমডি সার্কুলার লেটার নং-১৩ বাতিল করা হয়েছে। ফলে সুকুক বরাদ্দের ক্ষেত্রে এখন থেকে নতুন নির্দেশনায় নির্ধারিত শ্রেণি, হার ও বরাদ্দ পদ্ধতিই অনুসরণ করতে হবে।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top