নিজস্ব প্রতিবেদক
এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। গত ১৯ আগস্ট তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।
দেশি-বিদেশি ব্যাংকিং খাতে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে আদিল চৌধুরীর। দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত দক্ষতা, টেকসই প্রবৃদ্ধি এবং ব্যবসায়িক রূপান্তরে সফল নেতৃত্বের জন্য তিনি ব্যাংকিং অঙ্গনে পরিচিত।
এবি ব্যাংকে যোগদানের আগে তিনি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। একই সময়ে টেমেনোস কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন এবং তথ্য নিরাপত্তায় আইএসও ২৭০০১:২০২২ সনদ অর্জনের মাধ্যমে ব্যাংকটির প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী হয়।
এর আগে ২০২০ সালে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন আদিল চৌধুরী। সেখানে মূলধন শক্তিশালীকরণসহ প্রতিষ্ঠানটির ভিত্তি সুদৃঢ় করতে বিভিন্ন সংস্কার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
দেশের বাইরে তাঁর রয়েছে দীর্ঘ ১৫ বছরের বেশি সময়ের আন্তর্জাতিক ব্যাংকিং অভিজ্ঞতা। হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের বিভিন্ন কৌশলগত কার্যক্রম তদারকি করেন তিনি।
দেশের ব্যাংকিং খাতেও তাঁর কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। ঢাকায় ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে দায়িত্ব পালনের পর স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আদিল চৌধুরী।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের লক্ষ্য তুলে ধরে আরিফ বিল্লাহ আদিল চৌধুরী বলেন, ‘এবি ব্যাংকের বর্তমান এই গুরুত্বপূর্ণ অভিযাত্রায় নিজেকে যুক্ত করতে পেরে সত্যিই গৌরব বোধ করছি। আমার লক্ষ্য থাকবে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা জোরদার করা এবং আমাদের আমানতকারী ও শেয়ারহোল্ডারদের বিশ্বাসকে আরও মজবুত করা। সবশেষে, এই প্রতিষ্ঠানকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চাই, যেখানে আমাদের গ্রাহকদের আস্থা দীর্ঘমেয়াদে আমাদের সঙ্গে সংযুক্ত থাকবে।’
আরিফ বিল্লাহ আদিল চৌধুরী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।
দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা, আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং প্রযুক্তি ও ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা নিয়ে এবি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর যোগদান ব্যাংকটির পরবর্তী দিনের কৌশলগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
