বিডিবিজনিউজ ডেস্ক
ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আবু জাফর। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তিনি নতুন দায়িত্বে যোগ দেন।
ব্যাংকিং খাতে ৩৬ বছরের দীর্ঘ ও সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ আবু জাফরের। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতে অর্থায়ন, বৈদেশিক মুদ্রা লেনদেন, অফশোর ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, কোষাগার ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং শাখা ব্যাংকিংসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।
ন্যাশনাল ব্যাংক পিএলসিতে যোগদানের আগে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
মোহাম্মদ আবু জাফর ১৯৯০ সালে উত্তরা ব্যাংক পিএলসিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসি ও ঢাকা ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
উত্তরা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে তিনি ১৫ বছরেরও বেশি সময় বৈদেশিক লেনদেন অনুমোদিত শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি বৈদেশিক মুদ্রা, আন্তর্জাতিক বাণিজ্য এবং শাখা ব্যাংকিং কার্যক্রমে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন।
মোহাম্মদ আবু জাফর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে ব্যাংকিং বিষয়ে সহযোগী ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ পেশাজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন ব্যাংকিং প্রশিক্ষণ, পেশাগত কর্মসূচি, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।
