loader image
শিরোনাম

পরিদর্শন প্রতিবেদনের জবাবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে পরিদর্শন প্রতিবেদনের জবাব, বিশেষ আর্থিক বিবরণী, কারণ দর্শানোর নোটিশের জবাব এবং প্রয়োজনীয় ব্যাখ্যা দাখিলের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তার যৌথ স্বাক্ষর নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এ নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পাঠানো পরিদর্শন প্রতিবেদন, বিশেষ আর্থিক বিবরণী ও অন্যান্য বিষয়ে ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তার যৌথ স্বাক্ষরে জবাব দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ বিভাগ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম তদারকি এবং পরিপালন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত ও বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। এসব পরিদর্শনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরিপালন প্রতিবেদন, ব্যাখ্যা কিংবা কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের কাছে দাখিলযোগ্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও চিঠিপত্রে প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর আবশ্যক। তবে পরিদর্শন প্রতিবেদনের জবাব কিংবা কারণ দর্শানোর নোটিশের জবাবের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর প্রত্যক্ষ স্বাক্ষর ছাড়াই প্রতিবেদন ও ব্যাখ্যা পাঠানো হচ্ছে। এতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুশাসন ও পরিপালন কাঠামোর ঘাটতি পরিলক্ষিত হচ্ছে।

এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পাঠানো পরিদর্শন প্রতিবেদনের বিপরীতে দাখিল করা পরিপালন প্রতিবেদন, বিশেষ আর্থিক বিবরণী, কারণ দর্শানোর নোটিশের জবাব এবং অন্যান্য ব্যাখ্যা যথাযথভাবে প্রস্তুত করে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এসব জবাবে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তার যৌথ স্বাক্ষর থাকতে হবে। ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত থাকলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধিত ২০২৩), আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানের আওতায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top