নিজস্ব প্রতিবেদক
নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও সেখানে অবস্থানরত ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস জানান, ভূমিকম্প ও বন্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের স্বজন, শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও সাংবাদিকরা ফোন ও বার্তা দিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন। তারা কেমন আছেন এবং নিরাপদে আছেন কি না—এমন নানা প্রশ্ন করছেন সবাই।
অপু বিশ্বাস বলেন, সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য তিনি হৃদয় থেকে কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি জানান, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে। দলের সবাই সুস্থ ও ভালো আছেন।
বর্তমানে সিনেমাটির শুটিংয়ের কাজে ‘শিকার’ সিনেমার টিম নেপালে অবস্থান করছে। দেশটির বিভিন্ন এলাকায় ভূমিকম্প ও বন্যার প্রভাবে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হওয়ায় সেখানে থাকা বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে সিনেমাটির টিমের নিরাপদ থাকার খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে। অপু বিশ্বাসের পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের নিরাপত্তার জন্য স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত শুটিং শেষ করে দেশে ফেরার প্রত্যাশা জানিয়েছেন।
