বিডিবিজনিউজ:
রাষ্ট্র মালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পারভীন আক্তার আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি তাঁকে কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
পারভীন আক্তার একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার। কর্মজীবনে তিনি পল্লী সঞ্চয় ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এবং অগ্রণী ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতের পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।
পারভীন আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিজীবনে তিনি এক কন্যাসন্তানের জননী। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
