নিজস্ব প্রতিবেদক
জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও ওষুধের মূল্য নির্ধারণে ‘গণবিরোধী ও দলীয় স্বার্থের’ প্রাধান্যের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) ঢাকা মহানগর কমিটি। একই সঙ্গে ‘জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য তালিকা-২০২৬’ এবং ওষুধের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান এনডিএফ ঢাকা মহানগর কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান ও সাধারণ সম্পাদক প্রকাশ দও।
বিবৃতিতে নেতারা বলেন, নাগরিকদের বেঁচে থাকার অন্যতম পূর্বশর্ত স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা এবং রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের সহজলভ্যতা। তাই ওষুধের দাম স্বাভাবিক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা জাতীয় জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়।
তারা অভিযোগ করেন, প্রস্তাবিত নীতিমালার ফলে ওষুধশিল্পে কয়েকটি কোম্পানির একচেটিয়া প্রভাব তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে। এতে মানুষের স্বাস্থ্যকে কেন্দ্র করে বাণিজ্য আরও বেপরোয়া হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আইনি জটিলতার কারণে ঘুষ-দুর্নীতি বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে বলেও তারা দাবি করেন।
বিবৃতিতে নেতারা আরও বলেন, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার হলেও শাসক-শোষকগোষ্ঠী এগুলোকে লুটপাটের হাতিয়ারে পরিণত করেছে। তাদের দাবি, সাম্রাজ্যবাদী স্বার্থে জাতীয় জনস্বার্থবিরোধী বিভিন্ন চুক্তির ফলে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে। গ্যাসসহ বিভিন্ন পণ্য ও ওষুধের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
নেতারা বলেন, একদিকে বেশি দামে গমসহ বিভিন্ন পণ্য কেনা হচ্ছে, অন্যদিকে মূল্যবৃদ্ধির বোঝা জনগণের ওপর চাপানো হচ্ছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে এবং তারা মহাসংকটের মুখোমুখি হচ্ছেন।
বিবৃতিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণসংক্রান্ত সিদ্ধান্ত বাতিলসহ জনস্বার্থবিরোধী সব সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
তারা শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে জাতীয় ও জনস্বার্থবিরোধী অন্যায়-অবিচারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে জনগণকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানান সংগঠনটির নেতারা।
