loader image
শিরোনাম

পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স পেল বাংলালিংকের সহযোগী প্রতিষ্ঠান ‌’এনইও পিএসপি’

দেশে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী পিএসপি ও ই-ওয়ালেট অপারেটর এখন ১০টি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স পেয়েছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এনইও পিএসপি লিমিটেড। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিকে এ লাইসেন্স দেয়। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এএনএম মঈনুল কবীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২৪-এর ৫(৪) ধারার আওতায় এনইও পিএসপি লিমিটেডকে লাইসেন্স দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের ১১ আগস্ট ২০২৬ তারিখের চিঠিতে উল্লেখ করা শর্তগুলো প্রতিষ্ঠানটিকে মেনে চলতে হবে।

লাইসেন্স পাওয়ার ফলে এনইও পিএসপি লিমিটেড প্রচলিত আইন, বিধি-বিধান এবং বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত অনুযায়ী বিভিন্ন পেমেন্ট-সংক্রান্ত সেবা দিতে পারবে।

এনইও পিএসপির লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে লাইসেন্সধারী পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা ই-ওয়ালেট পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০টিতে।

এর আগে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো আইপে সিস্টেমস লিমিটেড, ডি মানি বাংলাদেশ লিমিটেড, রিকারশন ফিনটেক লিমিটেড, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস লিমিটেড, প্রগতি সিস্টেমস লিমিটেড, এবিজি টেকনোলজিস লিমিটেড, ডিজিটাল পেমেন্টস লিমিটেড, শেবা ফিনটেক লিমিটেড এবং সমাধান সার্ভিসেস লিমিটেড।

বাংলাদেশে ডিজিটাল লেনদেন ও আর্থিক প্রযুক্তিনির্ভর সেবার পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় নতুন এই লাইসেন্স প্রদান করা হলো। এনইও পিএসপির কার্যক্রম শুরু হলে গ্রাহকদের জন্য পেমেন্ট-সংক্রান্ত ডিজিটাল সেবার পরিধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top