কার্যনির্বাহী কমিটি ও ব্যাচ প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
ঢাকা ইউনিভার্সিটি পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) কার্যনির্বাহী কমিটি ও বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী, কার্যকর ও সময়োপযোগী করে গড়ে তোলার পাশাপাশি আগামী দুই বছরের জন্য একটি সুসংগঠিত রোডম্যাপ প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক্সাম হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডুপার প্রেসিডেন্ট ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। এতে সংগঠনের সহ-সভাপতি মো. বাবুল মিয়া (অতিরিক্ত সচিব), সাবেক রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. সৈয়দা লাসনা কবীর এবং মহাসচিব এএসএম হুমায়ুন কবির (অতিরিক্ত সচিব) উপস্থিত ছিলেন।
সভায় ডুপার ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সংগঠনকে একটি জ্ঞানভিত্তিক, টেকসই ও মানবিক প্ল্যাটফর্মে রূপ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনায় উঠে আসে—অ্যালামনাইদের অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থী ও সদস্যদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।
সভায় কৌশলগত পরিকল্পনার আলোকে আগামী দুই বছরে ডুপার কার্যক্রমের সম্ভাব্য রূপরেখা তুলে ধরেন সংগঠনের যুগ্ম মহাসচিব ড. একেএম সাইফুল্লাহ। তার উপস্থাপনায় সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, সদস্যদের সম্পৃক্ততা বাড়ানো এবং ডুপার কার্যক্রমকে আরও পরিকল্পিত ও ফলপ্রসূ করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
মতবিনিময় পর্বে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা তাদের নিজ নিজ মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সংগঠনের কার্যক্রমে ব্যাচভিত্তিক সম্পৃক্ততা বাড়ানো, সদস্যদের মধ্যে যোগাযোগের ক্ষেত্র সম্প্রসারণ এবং ডুপার উদ্যোগকে আরও অন্তর্ভুক্তিমূলক করার ওপর তারা গুরুত্ব দেন।
বক্তারা বলেন, একটি অ্যালামনাই সংগঠনের শক্তি শুধু তার সদস্যসংখ্যায় নয়; সদস্যদের পারস্পরিক সম্পর্ক, পেশাগত অভিজ্ঞতা, জ্ঞান ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়েই এর প্রকৃত সক্ষমতা তৈরি হয়। সেই সক্ষমতাকে কাজে লাগিয়ে ডুপাকে একটি আধুনিক ও মানবিক সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মতবিনিময় সভার মধ্য দিয়ে ডুপার আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাভিত্তিক করার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয়েছে।
সভায় ডুপার কার্যনির্বাহী কমিটি এবং বিভিন্ন ব্যাচ প্রতিনিধিদের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
