নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী অন্যান্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
সাংবাদিকতা অঙ্গনে কাদের গনি চৌধুরী দীর্ঘদিনের পরিচিত ও জনপ্রিয় মুখ। সাংবাদিকতার পাশাপাশি পেশাজীবী সংগঠনের নেতৃত্বেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কাদের গনি চৌধুরী। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৩ সালে দৈনিক দিনকালে বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক দিনকাল, দৈনিক ইত্তেফাক ও দৈনিক আমার দেশ-এ সাংবাদিকতা করেন। এছাড়া ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিক সংগঠনের নেতৃত্বে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। বর্তমানে তিনি বিএফইউজের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা কাদের গনি চৌধুরী ব্যক্তিজীবনে এক কন্যাসন্তানের জনক। বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হিসেবে তার নিয়োগে সাংবাদিক মহলে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
