তিনি ফকিরহাটের কৃতি সন্তান
বিডিবিজনিউজ ডেস্ক
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আব্দুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। একই প্রজ্ঞাপনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মিজ মেহের সুলতানাকে।
দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন কাজী আব্দুর রহমান এর আগে জনতা ব্যাংক ছাড়াও রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক পিএলসিতে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং ক্যারিয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার পাশাপাশি তিনি মাঠপর্যায়ের ব্যাংকিং কার্যক্রম, ব্যবস্থাপনা ও ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা অর্জন করেছেন।
কাজী আব্দুর রহমানের ব্যাংকিং পেশায় যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে তিনি রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন। এরপর দীর্ঘ কর্মজীবনে ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
রূপালী ব্যাংকে দায়িত্ব পালনের সময় তিনি মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন। একই সঙ্গে ব্যাংকটির স্থানীয় কার্যালয়, রাজশাহী, রংপুর ও ঢাকা দক্ষিণের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে জোনাল হেড এবং একাধিক শাখার ব্যবস্থাপকের দায়িত্বও পালন করেছেন।
কাজী আব্দুর রহমান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জনতা ব্যাংকে ডিএমডি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ও পরে ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
ব্যাংকিং পেশার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও তিনি গুরুত্ব দিয়েছেন। দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
শিক্ষাজীবনে কাজী আব্দুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নেন।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কাজী আব্দুর রহমান।
কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে কৃষি ও সংশ্লিষ্ট খাতে অর্থায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকটির ভূমিকা রয়েছে। অভিজ্ঞ ব্যাংকার হিসেবে কাজী আব্দুর রহমানের নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাকাবের পরিচালনা, ঋণ বিতরণ ও সামগ্রিক ব্যাংকিং কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
