২০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা বাধ্যতামূলক, বয়স সর্বোচ্চ ৬০ বছর, আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক
অগ্রণী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হবে। এ পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। চুক্তিভিত্তিক এ নিয়োগে বেতন-ভাতা প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিইও পদে আবেদন করতে হলে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থনীতি, ব্যাংকিং ও ফাইন্যান্স অথবা ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে অন্তত দুটি পরীক্ষায় প্রথম শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপি গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীর ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২০ বছরের সক্রিয় কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কিংবা প্রধান নির্বাহীর অব্যবহিত পূর্ববর্তী পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মহাব্যবস্থাপক বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বা সমতুল্য কিংবা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ব্যাংকের সক্রিয় কর্মকর্তা হিসেবে মোট ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়স আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখে সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। তবে অধিকতর যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কোম্পানির চেয়ারম্যান, পরিচালক বা কর্মকর্তা থাকাকালে নিজ পদ থেকে বরখাস্ত হওয়া ব্যক্তি এ পদে আবেদন করতে পারবেন না। একইভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো পরিচালক কিংবা অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসির সঙ্গে ব্যবসায়িক স্বার্থ রয়েছে—এমন ব্যক্তিও এ পদের জন্য যোগ্য বিবেচিত হবেন না।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, অভিজ্ঞতার প্রত্যয়নপত্র, পাসপোর্ট আকারের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, বয়স, অভিজ্ঞতা, যোগাযোগের ফোন নম্বর, বৈবাহিক অবস্থা, জাতীয়তা ও ধর্মসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে।
প্রার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্রের সফট কপি নির্ধারিত ই-মেইল ঠিকানায়ও পাঠাতে বলা হয়েছে।
নিয়োগটি হবে তিন বছরের চুক্তিভিত্তিক। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে।
