loader image
শিরোনাম

ডিজিটাল হাজিরা দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী

সরকারি দাপ্তরিক নথিতে সম্মানসূচক শব্দ ব্যবহারে নতুন নির্দেশনা, প্রধানমন্ত্রীর কার্যালয়েও শুরু হয়েছে পরিবর্তনের প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রমে এসেছে নতুন পরিবর্তন। অফিসে প্রবেশের আগে ডিজিটাল হাজিরা দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন ফাইল, নথি ও দাপ্তরিক কার্যক্রমে প্রধানমন্ত্রীর পদবির আগে ব্যবহৃত সম্মানসূচক শব্দ বাদ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সাম্প্রতিক নির্দেশনার পর এ পরিবর্তন কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে সরকারি যোগাযোগ, দাপ্তরিক নথিপত্র এবং সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।

এর ফলে সরকারি নথিতে এখন থেকে ব্যক্তির নামের সঙ্গে সরাসরি সাংবিধানিক বা সরকারি পদবি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ প্রচলিত আনুষ্ঠানিক সম্বোধনের পরিবর্তে পদবিকে প্রাধান্য দিয়ে দাপ্তরিক নথি প্রস্তুত করা হবে।

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রমে সংশ্লিষ্ট পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে। সরকারি প্রশাসনে দীর্ঘদিন ধরে চলে আসা দাপ্তরিক ভাষা ও আনুষ্ঠানিকতার ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তবে এর পাশাপাশি প্রধানমন্ত্রীর ডিজিটাল হাজিরা দেওয়ার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। দেশের প্রশাসনের সর্বোচ্চ নির্বাহী পর্যায়ের একজন ব্যক্তিও যখন কর্মস্থলে প্রবেশের ক্ষেত্রে ডিজিটাল হাজিরা ব্যবস্থার আওতায় থাকছেন, তখন সরকারি দপ্তরগুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর উপস্থিতি ব্যবস্থার গুরুত্ব আরও স্পষ্ট হচ্ছে।

ডিজিটাল হাজিরার মাধ্যমে কর্মস্থলে প্রবেশ ও উপস্থিতির তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করা সম্ভব। এতে হাজিরা ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি কর্মঘণ্টা ও উপস্থিতির তথ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়।

প্রধানমন্ত্রীর ডিজিটাল হাজিরা দেওয়ার ঘটনা তাই কেবল একজন শীর্ষ নির্বাহীর দৈনন্দিন অফিস কার্যক্রমের অংশ নয়; বরং সরকারি প্রশাসনে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং দাপ্তরিক সংস্কারে পরিবর্তনের একটি প্রতীকী দৃষ্টান্ত হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top