loader image
শিরোনাম

অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষমতা বাড়াল

নিজস্ব প্রতিবেদক:

বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও বিভিন্ন মুদ্রার বিনিময় চুক্তি করার সুযোগ দিয়ে অফশোর ব্যাংকিং ইউনিটগুলোর লেনদেনের ক্ষমতা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব ইউনিট নিজস্ব অভ্যন্তরীণ ব্যাংকিং ইউনিট, অন্যান্য অনুমোদিত ডিলার, অন্য অফশোর ব্যাংকিং ইউনিট এবং বৈধ স্থানীয় লেনদেনকারীদের সঙ্গে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও বিভিন্ন মুদ্রার বিনিময় চুক্তি করতে পারবে।

গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে দেশের সব তফসিলি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অফশোর ব্যাংকিং ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ জানুয়ারি জারি করা অফশোর ব্যাংকিং কার্যক্রমের নির্দেশিকার নির্দিষ্ট বিধান শিথিল করে এ সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে বৈধ গ্রাহক লেনদেন, তহবিলের প্রয়োজন, লেনদেন নিষ্পত্তির দায়বদ্ধতা, তারল্য ব্যবস্থাপনা, সম্পদ ও দায় ব্যবস্থাপনা এবং বৈদেশিক মুদ্রার বিনিময় ঝুঁকি নিয়ন্ত্রণের প্রয়োজনে এসব লেনদেন করা যাবে।

তবে এ ধরনের লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিবিধান, সতর্কতামূলক নির্দেশনা, অনুমোদিত অভ্যন্তরীণ নীতিমালা, লেনদেন ও প্রতিপক্ষের সীমা এবং যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে। অনুমাননির্ভর বৈদেশিক মুদ্রা কেনাবেচার উদ্দেশ্যে এসব লেনদেন করা যাবে না।

প্রজ্ঞাপনে অফশোর ব্যাংকিং ইউনিটগুলোকে সতর্কতার সঙ্গে বৈদেশিক মুদ্রায় তহবিল সংগ্রহের কৌশল গ্রহণে উৎসাহিত করা হয়েছে। সম্ভব হলে কম ব্যয়ের মুদ্রায় তহবিল সংগ্রহ করে উপযুক্ত বৈদেশিক মুদ্রা কেনাবেচা অথবা বিভিন্ন মুদ্রার বিনিময় চুক্তির মাধ্যমে বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তির ব্যয় কমানো, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা উন্নত করা এবং সংশ্লিষ্ট বিনিময় ঝুঁকি কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, নতুন এ সুবিধার ফলে অফশোর ব্যাংকিং ইউনিটগুলো বৈধ বাণিজ্য ও অর্থায়ন কার্যক্রমে আরও দক্ষ সেবা দিতে পারবে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাজারচর্চা অনুসরণ করে মুদ্রাগত ঝুঁকি নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হবে।

তবে ২০২৫ সালের ৩০ জানুয়ারি জারি করা অফশোর ব্যাংকিং কার্যক্রমের নির্দেশিকার অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং আইন, ২০২৪-এর ১১(৭) ও ২৫(২) ধারা এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ২০(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করেছে। সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়বস্তু অবহিত করার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top